চট্টগ্রামের পটিয়া থানার হেফাজতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১)। থানার ভেতরে ঘুমন্ত পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল বশরের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
তবে গ্রেপ্তারের পরও পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে মহিম ফেসবুকে সক্রিয় ছিলেন। একাধিক স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান জানান এবং রাজনৈতিক স্লোগান ব্যবহার করেন। এক পোস্টে তিনি লেখেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারও, ফিরব বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।
এ ছাড়া থানার অফিসকক্ষে হাতকড়া পরা অবস্থায় নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, এই দিন দিন নয়, দিন আরো আছে।
সবচেয়ে আলোচিত ঘটনায় ডিউটিরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেন মহিম। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ঘুম ভালোবাসিরেএএএ…। জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।
আরেকটি ছবিতে তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিনের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে তুহিন লেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন লড়াইয়ে দখলদার বাহিনীর হাতে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. শোয়াইব-উল ইসলাম মহিমের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
পুলিশ হেফাজতে থেকেও আসামির এমন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন।
আরটিভি/এসকে



