শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৯ এএম
Failed to load the video
তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ধানের বীজতলাসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উত্তরের জেলা পাবনায় ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সূর্যের দেখা না মেলায় ধানের চারা হলদে হয়ে পচে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। পাবনা জেলার নয়টি উপজেলায় বর্তমানে বড় ধানের বীজতলা তৈরি করছেন কৃষকেরা। তবে বিরূপ আবহাওয়ার কারণে অনেক জায়গায় বীজতলা রক্ষা করা যাচ্ছে না।
একাধিক কৃষক জানান, বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে চারা তৈরি করতে হবে, এতে খরচ আরও বাড়বে। এর মধ্যেই উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা নিরুপায় হয়ে পড়েছেন। ন্যায্যমূল্য না পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে বলেও আশঙ্কা করছেন তারা।
বীজতলা রক্ষায় কৃষি বিভাগ ছত্রাকনাশক স্প্রে, রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা এবং প্রয়োজনীয় পরিচর্যার পরামর্শ দিচ্ছে।
এদিকে নড়াইল জেলায় এ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বড় ধানের আবাদ শুরু হয়েছে। শীত উপেক্ষা করেই কৃষকেরা কর্মব্যস্ত সময় পার করছেন। তবে সার, বীজ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। কৃষকেরা বলছেন, ধানের দাম ভালো না পেলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
নড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, প্রতিটি দোকানে ক্যাশ মেমোর মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা হচ্ছে। ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য আমরা নিয়মিত মনিটরিং করছি। কৃষকেরা পরিমিত সার ব্যবহার করে ভালো ফলন পাবেন বলে আশা করছি।
ঘন কুয়াশায় দেশের বিভিন্ন জেলায় বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও ফলন বেশি হলে লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এএএ