শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ১২:৩০ পিএম
বরিশালের বাকেরগঞ্জে দায়ের আঘাতে আহত হয়েছে বিড়াল। থানায় অভিযোগ নিয়ে হাজির হয়েছে বিড়ালের মালিক উপজেলা গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের গৃহবধূ শাহআলম মিয়ার স্ত্রী তানিয়া বেগম (২৮)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি রাত আটটার দিকে প্রতিবেশী মৃত চেরাগালী মৃধার পুত্র আইউব মৃধা ( ৫০)ও তার স্ত্রী নাসিমা বেগম ( ৪০) ওই গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করলে বিড়ালটি মাটিতে লুটিয়ে পড়ে, এ সময়ে বিড়ালটিকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিলে দায়ের অপর পিঠে লেগে বিড়ালটির ডান পাশের পিছনের পা ভেঙে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে আইউব মৃধা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দেখে নেয়ার হুমকি দেয় তানিয়া বেগমকে।
গত সোমবার (১২ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে বিড়ালটির চিকিৎসা দেয়া হয়েছে। একই দিন তানিয়া বেগম তার পোষা বিড়ালের উপর হামলার ঘটনায় বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সরজমিনে গিয়ে তদন্ত করে থানা পুলিশ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা বলেন, কাঠ অথবা লোহার রডের আঘাতে আহত একটি বিড়ালকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিড়ালটির সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
স্থানীয়রা জানায় গত বছরে তানিয়ার আরো একটি পোষা বিড়াল কুঠার দিয়ে হত্যা করে আইউব মৃধা পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তা সমাধান করেন।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ বলেন, একটি পোষা বিড়ালকে আহতের ঘটনায় এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সরজমিনে গিয়েছি ,তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/এসকে