images

দেশজুড়ে

লাইট পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু পাখির মৃত্যু

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০১:০৭ পিএম

যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে একটি হাই-মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে প্রায় ৩০টি পাখির মৃত্যু ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ইয়ার্ড এলাকার একটি ল্যাম্পপোস্টের নিচের বিদ্যুৎ সংযোগ বক্সের তালা খুলে ভেতরে এসব মৃত পাখি পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন ধরেই হাই-মাস্ট লাইটের আশেপাশে দু-একটি মৃত পাখি পড়ে থাকতে দেখা যাচ্ছিল, তবে তা বিশেষভাবে কেউ নজর দেয়নি। তবে শনিবার সকালে একসঙ্গে এতগুলো মৃত পাখি পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এসব পাখি ‘আবাবিল’ প্রজাতির হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তীব্র আলো ও শীতের কারণে পাখিরা উষ্ণতার খোঁজে হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। কিন্তু বিদ্যুতের সংযোগ অপর্যাপ্ত সুরক্ষিত থাকায় পাখিরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বন্দরের প্রায় প্রতিটি ল্যাম্পপোস্টেই একই রকম অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সচেতনরা অভিযোগ করেছেন, এই মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে। নীতিমালা অনুযায়ী, হাই-মাস্ট লাইটের বিদ্যুৎ লাইনের জন্য সুরক্ষিত কাভার, যথাযথ ইনসুলেশন এবং বন্যপ্রাণী রক্ষাকারী ব্যবস্থা থাকা আবশ্যক। কিন্তু বাস্তবে এসব নিয়ম মানা হয়নি বলেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
BARISHAL

বরিশালে প্রতিদিন ৯টি বিবাহবিচ্ছেদ, আবেদনে নারীরা এগিয়ে 

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে জানান, তিনি কয়েকদিন আগে বিষয়টি শুনেছেন এবং আগামীকাল ঢাকায় চিঠি দেবেন।

স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেবে।

আরটিভি/এসকে