মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ১০:৪০ পিএম
সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী টহল টিম জানায়, হেমায়েতপুর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় টহলরত সেনাদল কয়েকজন ব্যক্তিকে চাঁদাবাজি এবং জুয়ায় লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিলেন। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভ দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিতেন।
টহল টিম আরও জানায়, স্থানীয় জনগণও আটকদের বিরুদ্ধে দীর্ঘদিনের জুয়া ও চাঁদাবাজি কার্যক্রমের বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন। তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেনসংক্রান্ত কাগজপত্র ও মোবাইল ফোন।
তাদের বিরুদ্ধে আইই ব্যবস্থা নিতে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার করা মালামাল পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনীর টহল টিম।
আরটিভি/এমএইচজে/এসআর