images

দেশজুড়ে

কাপাসিয়ায় পরিত্যক্ত গরুর খামার থেকে ৫টি ঘোড়া ও মাংস উদ্ধার

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ , ০৫:৫০ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় একটি পরিত্যক্ত গরুর খামার থেকে ঘোড়ার মাংস ও ৫টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক গ্রামের খামারটি থেকে এসব উদ্ধার করা হয়।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে খামারের মালিক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন বাড়িতে না থাকায় গরুর খামারটি অযত্নে পরিত্যক্ত হয়ে পড়ে। চলতি বছরের জানুয়ারি মাসে খামারটি খুলনার আনিসুর রহমানের মাসিক ২০ হাজার টাকায় ভাড়া দেই। পরে ওই ব্যক্তি খামারে কী ধরনের কার্যক্রম করছিল সে বিষয়ে আমি অবগত ছিলাম না। ভাড়াটিয়া ব্যক্তি যে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল তা আমি জানতাম না। এ ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন
Web-Image

যৌন হয়রানির শিকার প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নিলেন ভুয়া ডিবি কর্মকর্ত

মাশক গ্রামের বাসিন্দা মাসুম মিয়া জানান, গভীর রাতে স্থানীয় জাহাঙ্গীরের পরিত্যক্ত খামারে ৪৫টি ঘোড়া জবাই করা হয়। এ সময় আরও প্রায় ৫টি ঘোড়া জবাইয়ের জন্য খামারে বেঁধে রাখা হয়েছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনায় জড়িতরা পালিয়ে যায়।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই খামারে অভিযান চালায়। এসময় জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। খামারে বেঁধে রাখা জীবিত পাঁচটি ঘোড়া উদ্ধার করে স্থানীয়দের হেফাজতে রাখা হয়েছে।

তিনি জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একজন ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ঘোড়াগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন। একই সঙ্গে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে দেশে ঘোড়া জবাই আইনত নিষিদ্ধ।

আরটিভি/এমএইচজে