images

দেশজুড়ে

ভারতে বিপুল পরিমাণ রুপা পাচারের সময় গ্রেপ্তার ৪

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:৪৩ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে সাড়ে দশ কেজি রুপাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার সময় যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Laxmipur_Student027

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

আটককৃত চারজন হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় (৪৭), একই উপজেলার আলাইপুর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, ভাদিয়ালি গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই চার ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে সাড়ে দশ কেজি রুপা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

তিনি জানান, উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা থেকে রুপা সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে আটক চারজন স্বীকার করেছেন। তবে আটককৃতদের একজন এক বোতল বিদেশি মদ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

আরটিভি/এমআই