বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০২:৫৪ পিএম
ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় চরাঞ্চলের মধ্যে চাঁদপুরের ২২টিসহ মোট ৩৯টি ভোটকেন্দ্র এলাকায় কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে চাঁদপুর সদর উপজেলার চর ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাঁহ বাজার কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলেক্ষ প্রেস ব্রিফিং এ কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং করবে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড সদস্যরা ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭টি ও চাঁদপুর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলা ২২টিসহ মোট ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।
কমান্ডার ইমতিয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়সি, পেশা ও শ্রেণির নারী-পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানের উদ্বুদ্ধ করণের প্রচারণ চলমান রেখেছি।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং তার দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ‘ইনশাআল্লাহ’।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লে. কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ