রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৮ এএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা কখনোই প্রতিশোধমূলক ও প্রতিহিংসামূলক রাজনীতি করিনি। জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। আমরা কখনো হুংকার দিয়ে রাজনীতি করিনি। আমরা কখনো আস্ফালন, লম্প-ঝম্প দেখিয়ে রাজনীতি করি না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশের মানুষকে যেমন শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, আমিও সেভাবে সাধারণ মানুষকে সমীহ এবং সম্মানের জায়গায় রেখে রাজনীতি করি।
এ সময় এ্যানি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভবানীগঞ্জে জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রতিপক্ষের বক্তব্যে লক্ষ্মীপুরের উন্নয়নের কথা বলা হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়নি।
সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সুন্দর-সচেতন আধুনিক লক্ষ্মীপুর গড়বেন কিনা, তা না বলে আমরা দেখেছি হুংকার দিয়েছেন, আস্ফালন দেখিয়েছেন, ধমক দিয়েছেন, থ্রেট করেছেন। ৫ আগস্টের পর এ দেশের মানুষ তাদের প্রত্যাশার জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল ও ব্যক্তিদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে। আমরা যেন হুমকি-ধমকি, আস্ফালন, ঔদ্ধত্য দেখিয়ে ধমক না দিয়ে চলি। মানুষ চায় আমরা যেন গঠনমূলক রাজনীতি করি। মানুষ চায় বাংলাদেশটা নতুনভাবে গড়ে উঠুক, বিনির্মাণ হোক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও বিএনপি নেতা জিয়া উদ্দিন চৌধুরী আরিফ প্রমুখ।
আরটিভি/এমআই