images

দেশজুড়ে

রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৪ পিএম

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড় মারা হয়েছে। ভোট গ্রহণ চলাকালে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, একজন ব্যক্তি হঠাৎ হাবিবাকে চড় মারেন, তিনি লুটিয়ে পড়েন, দাঁড়িয়ে ওঠার চেষ্টা করলে আবারও তাকে মারধর করা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন।

হাবিবা বেগম বলেন, তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাওয়ার উদ্দেশ্যে সেখানে ছিলেন। প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে জানাব এবং বিচার চাই।

আরও পড়ুন
NARAYANGONZ

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জন

ঘটনার পর হাবিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, মারধরের কারণে কানে সমস্যা ও কথা বলতে কষ্ট হচ্ছে। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কাদেরী বলেন, ভোট চাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়েছে শুনেছি, কিন্তু মারধরের বিষয়টি জানা নেই।

আরটিভি/এসকে