শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৭ পিএম
ময়মনসিংহের চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ ঘটনার জেরে সোহেল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চুরখাই গরুহাটা বাজার সংলগ্ন একটি পানের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরুহাটা বাজারের একটি পানের দোকানের সামনে সোহেলের সঙ্গে কয়েকজন যুবকের বিড়ি চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে ৭ থেকে ৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে