শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:০৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ৩ দিন বন্ধ থাকার পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হয়।
বাংলাহিলি সিএন্ডএফ এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি সব কার্যক্রম বন্ধ ছিলো।
পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি; এ সময় বন্ধ থাকে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানি।
হিলি স্থলবন্দর পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি থাকায় তিন দিন বন্ধ ছিল হিলিতে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম। তবে ছুটি শেষ হওয়ায় আজ সকাল থেকে বন্দরে পণ্য লোড আনলোডসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
আরটিভি/এমএ