images

দেশজুড়ে

ধামরাইয়ে বিডি ফুড কারখানা থেকে ৩ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৫ পিএম

ঢাকার ধামরাইয়ে বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির খবর পাওয়া গেছে। গভীর রাতে ৩০/৪০জন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীদের বেধে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। ওই কারখানার কর্মকর্তাদের অভিযোগ, প্রায় ৩ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। 

এর আগে বৃহস্পতিবার (১২ফ্রেরুয়ারি) ভোর রাতে ধামরাইয়ের আমতা বড় নারায়নপুর এলাকায় বিডি থাই ফুড এন্ড বেভারেজ কারখানায় এ ঘটনা ঘটে।  

কারখানার স্টোর ইনচার্জ দৌলত খান ও নৈশপ্রহরী আবুল বাশার জানান, ৩০/৪০ জনের অস্ত্রধারী ডাকাতদল বুধবার ভোর রাত প্রায় ৩টার দিকে কারখানায় ভিতরে ঢুকে। অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর কারখানার বিভিন্ন কক্ষে ঢুকে আলমারি, ড্রয়ার ও কম্পিউটার ভাঙচুর করে নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়ে যায়। ভোর রাত প্রায় সাড়ে ৪টা পর্যন্ত এসব তাণ্ডব চালায় ডাকাতরা।

আরও পড়ুন
Web-Image

ভোটে জিতেই যুবদল নেতার দোকান ভাঙচুর, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

এ বিষয়ে কারখানার অ্যাকাউন্টস ম্যানেজার তারিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে নিরাপত্তাকর্মীরা কারখানায় ডাকাতির ঘটনা মোবাইল ফোনে জানায়। এসে দেখি পুরো কারখানায় ভাঙচুর করে মালামাল লুটে নিয়ে গেছে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে। এই বিষয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ওসি মো. নাজমুল হুদা খান বলেন, বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঐ কারখানায় এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। 

আরটিভি/এমএইচজে