সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীর দাবি, নির্বাচনে বিজয়ী হয়েই এ হামলা চালানো হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আলিম সরদার।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। পরদিন শুক্রবার ভোরে পূর্বশত্রুতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যান।
ওসি সাকিউল আযম গণমাধ্যমকে বলেন, যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এমএইচজে




