images

দেশজুড়ে

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সংগীতা ওই গ্রামের মোহন চন্দ্র রায়ের স্ত্রী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্বামী মোহন চন্দ্র রায় কর্মস্থলে চলে যান। এরপর সংগীতা সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘরের দরজা বন্ধ করে ধরনার (সরের) সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। 

পরে তার মেয়ে স্কুল থেকে ফিরে অনেক ডাকাডাকি করেও মায়ের সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। স্থানীয়রা ঘরে ঢুকে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন
LITON_copy

পুলিশের মিসফায়ারে গুলিবিদ্ধ দিনমজুরকে দেখতে হাসপাতালে রিটার্নিং কর্মকর্তা

মরদেহ উদ্ধারের সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা ছিল, বাবা আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি সেই ভুলের কোনো ক্ষমা নেই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম। আমার মরার জন্য কেউ দায়ী নয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এসআর