images

দেশজুড়ে

জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল কৃষকের

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৮ পিএম

দেড় বিঘা জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের মারধরে আহত কৃষক লোকমান সরদার (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লোকমান সরদার আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নাছির উদ্দিন সরদারের ছেলে।  আর অভিযুক্ত চাচাতো ভাই কোরবান সরদার একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন
Munshiganj_01826

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এ ঘটনায় নিহতের ভাই রমজান সরদার বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আমিনপুর থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  মামলাটি প্রথমে মারামারির অভিযোগে দায়ের হলেও মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

ওসি মাহাবুর রহমান বলেন, নিহতের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।  আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। তাদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে জমিটি ভোগদখল করে আসছিলেন।  তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরটিভি/এমআই