বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০২ পিএম
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন জদ্দার স্ট্যান্ড এলাকায় যাত্রী উঠানোর সময় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে আকাশ সরদার (৩০) নামে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে ভাঙ্গাগামী ‘খান পরিবহন’ (বরিশাল মেট্রো ব-১১-০১৬৮) নামক একটি বাস যাত্রী উঠানোর জন্য জদ্দার স্ট্যান্ডের আন্ডারপাসের ওপর হাইওয়ে রোডের পাশে দাঁড়ায়। এ সময় পেছন থেকে আসা একই দিকগামী ‘স্টার এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো ব-১২-৫২৭০) নামক অন্য একটি বাস দাঁড়িয়ে থাকা খান পরিবহনকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে খান পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের নাম আকাশ সরদার। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজের গাতী গ্রামের সরদার বাড়ির বাহারুল সরদারের ছেলে।
দুর্ঘটনায় আহত ১০-১২ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর, যা নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা তৈরি করেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।
আরটিভি/এমআই