বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৩ পিএম
কুড়িগ্রামের রাজারহাট স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটি। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের পড়েছেন। ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ ফেটে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় রাজারহাট স্টেশন সংলগ্ন রাজারহাট ফাজিল মাদরাসা এলাকায় এই ঘটনা ঘটে। সর্বশেষ সোয়া ৭টার সময় পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে আটকে পড়া যাত্রীরা মাঝপথেই প্রথম রোজার ইফতার সেরেছেন।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, রংপুর অভিমুখে যাওয়ার পথে রাজারহাট স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে আনুমানিক বেলা ২টা ২৫ মিনিটের দিকে রাজারহাট ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকায় রেললাইনের একেবারে পাশেই একটি মোটরসাইকেল রাখা ছিল। চলন্ত ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনের নিচের মেইন রিজার্ভার পাইপটি খুলে ইঞ্জিনের বায়ুচাপ কমে যাওয়ায় ট্রেনটি লাইনের ওপরই বিকল হয়ে পড়ে।
পরে তাৎক্ষণিক প্রচেষ্টার পর বিকল ইঞ্জিনটি সচল করা সম্ভব না হওয়ায় লালমনিরহাট রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ (বিকল্প) ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়। লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর সেটিকে ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। এরপরই রমনা কমিউটার পুনরায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে হঠাৎ এই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ট্রেনটি উদ্ধারে দেরি হতে পারে এবং যাত্রা বাতিলের খবরে যাত্রীরা সড়ক পথে নিজ নিজ গন্তব্যে রওনা হন। তবে বিকল্প ইঞ্জিন দ্রুত পৌঁছাবে বলে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
আরটিভি/এমআই