images

দেশজুড়ে

পাহাড় কাটছিল সরকারি সংস্থা বিপিসি, অতঃপর...

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৭ পিএম

চট্টগ্রাম নগরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধী জয় পাহাড়ে ৩৫ একর জমি রয়েছে। ভবন নির্মাণের জন্য পাহাড়টি কাটছিল সংস্থাটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এই আদেশ দেন মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তফসিলভুক্ত ওই স্থানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে।

আরও পড়ুন
Web-Image

মরণাপন্ন শিশুকে নামিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বেড়াতে গেলেন স্বাস্থ্য কর্মকর্তা

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয়পাহাড় মৌজায় বিএস খতিয়ান নম্বর ৯৭ এবং দাগ নম্বর ৩৮৪-এর ‘খিলা’ শ্রেণির জমিতে কাটাকাটি করা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার জন্য মোট ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

মুক্তাদির হাসান আরও বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)- এর ৬ (খ) ধারার অপরাধে এবং ৭ ধারার আওতায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি সাধনের জন্য পরিবেশগত ক্ষয়-ক্ষতির মূল্যায়ন করা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের আদেশে কাটা স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে কোনো ধরনের অনুমোদন ছাড়া দৃশ্যমান পাহাড় বা টিলা না কাটার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। 

শুনানিতে বিপিসি’র পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। 

এই শুনানিতে সরেজমিন পরিদর্শন প্রতিবেদন, বিবাদী পক্ষের লিখিত বক্তব্য ও দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করা হয়। 

আরটিভি/এমএ