images

দেশজুড়ে

নানা বাড়ি বেড়াতে গিয়ে আগুনে প্রাণ গেল শিশুর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪১ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গভীর রাতে বসতঘরে আগুন লেগে তওহিদুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে- এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তওহিদুলের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর পশ্চিম পাড়ার বাসিন্দা আবু তুরাবের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তওহিদুল অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে আবু তুরাবের মেয়ের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তুরাবের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। এতে দুটি বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমন্ত শিশু তওহিদুল ইসলাম অগ্নিদগ্ধ হয়। অগ্নিকাণ্ড হাফেজ আবু তুরাব পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা করলেও আলীনগর সড়কে অতিরিক্ত গতিরোধক ও রাস্তা দখল করে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কারণে দেরি হয়। ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

আরও পড়ুন
Web-Image---Copy

বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা!

পরে আহত তওহিদুলকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে রাতেই ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে শিশুর প্রায় ৬০ ভাগ শরীর পুড়ে যায়।

আবু তুরাবের ছেলে মাসুম মোল্লা বলেন, আগুনে আমাদের আদরের ভাগিনাকে নিয়ে গেছে সাথে সর্বস্বান্ত করে ফেলছে। এখন তো মাথা গুজার ঠাইও নেই আমাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওঘর ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরটিভি/এমএইচজে