বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৫:৫৩ পিএম
ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মিলন হাওলাদার (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনা অবলোকনের পরিপ্রেক্ষিতে উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত ঐ যুবককে গণধোলাই দিলে তার মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায়। নিহত মিলন হাওলাদার একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বুধবার মিলন স্থানীয় রিপন হাওলাদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন মিলনকে পাওয়া যায়নি।
এরপর বৃহস্পতিবার সকালে মিলন আবারও এলাকায় এসে রিপন হাওলাদার ও বিল্লাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মিলনকে আটক করে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলার ঘটনা এবং পরবর্তী বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমআই