শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৩:০৩ পিএম
নীলফামারীর ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তারা হলেন— চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।
স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে ব্যবহারের জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন মনে করে পানিতে গুলে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। এতে কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, আলুক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক কাছাকাছি রাখার কারণে ভুলবশত সেগুলো পানিতে গুলে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের হাসপাতালে পৌঁছে দেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আরটিভি/এসআর