মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৩:০৭ পিএম
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে একটি অজগর সাপ দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে খাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটিকে সুস্থ করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রহিম জানান, একই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল প্রতিদিনের মতো ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল একটি অজগর সাপ দেখতে পান। সাপটির পেট ফুলে ছিল, পরে বুঝতে পারেন সেটি তার ছাগলটি আস্ত গিলে ফেলেছে। খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করেন।
এ সময় আস্ত ছাগল গিলে ফেলা অজগর সাপটি দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগর সাপটি আমার শখের ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
সিপিজি সদস্য সগির সওদাগর জানান, উদ্ধার করা সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মাধ্যমে সাপটিকে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।
আরটিভি/এমএইচজে