images

দেশজুড়ে

রাজবাড়ীতে প্রথম ধাপে ১২০১ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ডের টাকা

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৪:৪৮ পিএম

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ইতোমধ্যে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ২০১টি পরিবার ফ্যামিলি কার্ড-এর মাধ্যমে অর্থ সহায়তা পাচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

আরও পড়ুন
khuli

ঢাকায় ৪৭ মাথার খুলি উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের পরিবারগুলো এ সুবিধা পাবে। কর্মসূচিতে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ০.৫ একরের কম জমির মালিক পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। অনলাইনে যাচাই শেষে ১ হাজার ৪০৪টি পরিবার নিশ্চিত হয়েছে। 
এর মধ্যে প্রথম ধাপে ঈদের আগে ১ হাজার ২০১টি পরিবার অর্থ সহায়তা পাবে। বাকি ২০৩টি পরিবার কারিগরি জটিলতার কারণে আপাতত অপেক্ষায় রয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আরটিভি/এমআই