images

দেশজুড়ে

রাঙ্গামাটির পাম্পগুলোতে তেলের জন্য উপচেপড়া ভিড়

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৫:২৫ পিএম

রাঙ্গামাটিতে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের উদ্যোগ নেওয়া হলেও এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাঙ্গামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করেন অনেক গ্রাহক।

জানা গেছে, রাঙ্গামাটি শহরে মোট সাতটি ফিলিং স্টেশন থাকলেও বর্তমানে মাত্র দুটি পাম্পে ডিজেল এবং একটি পাম্পে অকটেন পাওয়া যাচ্ছে। অন্যদিকে গত শনিবার থেকে খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার সঙ্গে ছয়টি উপজেলার নৌ-যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন
Kuakata010

জালে মাছ নেই, মুখে হাসি নেই ঈদে

ডিজেল সংকটের কারণে সেচ কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দূরপাল্লার পণ্যবাহী পরিবহন পরিচালনায়ও সমস্যায় পড়েছেন যানবাহনের চালকরা। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রাম থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে কোনো পাম্পে অকটেন দেওয়া হলে অন্য কোনো পাম্পে ডিজেল সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, রেশনিং পদ্ধতিতে পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কারও তেল পেতে কোনো সমস্যা হলে প্রশাসনের পক্ষ থেকে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

আরটিভি/এমআই