বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৪:৪২ পিএম
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এর এ অভিযানে মাদক মামলায় ৪ জন এবং পূর্বের মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামি রয়েছে। পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পূর্বের মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদকবিরোধী বিশেষ অভিযানে একই এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ঈদকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরটিভি/এমআই