images

দেশজুড়ে

মুদি ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৯:১৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক মুদি ও বিকাশ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক (৫০) জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১২টার দিকে মহেশপুরের চেয়ারম্যান মোড় অতিক্রম করে যুগিহুদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়।

এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং একটি দামি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ব্যবসায়ী আব্দুল মালেক বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের বেলায় মহাসড়ক ও গ্রামীণ সড়কে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন
Hash_013

যা‌চ্ছিলেন হাঁস কিনতে, ফিরলেন লাশ হয়ে

মহেশপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়সাল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে