রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১০:৩৫ পিএম
দিনাজপুরের হিলিতে হঠাৎ করে দুদিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে আলুর ক্ষেত। পানিতে আলু ডুবে যাওয়ায় পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন আলু চাষীরা। লাভ তো দূরের কথা উৎপাদন খরচ তোলা নিয়ে সংকায় পড়েছেন কৃষকরা।
কৃষক ইয়াছিন আলী বলেন, বৃষ্টির কারণে মাঠের আলু ডুবে গেছে। আমরা কোনোভাবে আলু মাঠ থেকে উঠাতে পারছি না। যদিও ওঠানো হচ্ছে কষ্ট করে, তবে বেশিরভাগ আলু মাটির নিচে থাকছে। কারণ পানিতে কাদা হয়ে গেছে। কষ্ট করে আলু চাষ করে হঠাৎ বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে হলো।
কৃষক ইউসুফ শেখ বলেন, আমন ও বোরো আবাদের মধ্যবর্তী সময়ে জমি ফেলে না রেখে তাতে আলু আবাদের উদ্যোগ নেওয়া হয়েছিল। বীজ, সার, কীটনাশকসহ সব মিলিয়ে এবারে আলু আবাদে বাড়তি খরচ হয়েছে। লাভের আশায় মাঠে আলু রাখা হলেও বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। সেচ দিয়ে জমি থেকে পানি সরানোর চেষ্টা করা হলেও আলু পচে যাচ্ছে। কারণ পানি পেলে আলু পচে যায়।
আরেক কৃষক আতোয়ার রহমান বলেন, আলু পানিতে তলিয়ে যাওয়ায় পচে নষ্ট হয়ে যাচ্ছে। যেগুলো ওঠানো সম্ভব হচ্ছে সেগুলোর মান ভালো না হওয়ায় পাইকাররা নিতে চাইছে না। শ্রমিকের খরচ না ওঠার শংকায় অনেক কৃষক আলু উত্তোলন না করে জমিতেই ফেলে রেখেছেন। এতে করে চলতি মৌসুমে আলু আবাদ করে ক্ষতির মুখে পড়েছেন অনেক আলু চাষীরা।
হাকিমপুর উপজেলার কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, আলু পরিপক্ব হওয়ার সাথেসাথেই আলু উত্তোলনের পরামর্শ ছিল, কিন্তু দাম কমের কারণে কৃষকরা ফেলে রেখেছিলেন। দ্রুত আলুর জমি থেকে পানি সেচ দিয়ে শুকানোর পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৩৭০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল- যার মধ্যে অধিকাংশ জমির আলু ইতোমধ্যেই উত্তোলন হয়েছে।
আরটিভি/এমএইচজে