images

দেশজুড়ে

বরিশালে বহুল প্রতীক্ষিত গোমা সেতু উদ্বোধন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৭:০৪ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বহুল আলোচিত ঘোমা সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে করে নদীবেষ্টিত পূর্বাঞ্চলের মানুষের সাথে পার্শ্ববর্তী বাউফল উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি বরিশাল সদর ও রাজধানী ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে দিনারেরপুল-লক্ষ্মীপয়সা-দুমকি জেলা মহাসড়কের ১৪ কিলোমিটার অংশে রাঙ্গামাটিয়া নদীর উপর নির্মিত এই গুরুত্বপূর্ণ সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি ফিতা কেটে সেতুটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রায় আট বছর আগে শুরু হওয়া এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

দীর্ঘদিনের অপেক্ষার পর সেতুটি উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। স্থানীয়রা জানান, এতদিন খেয়া নৌকা ও ফেরির ওপর নির্ভর করে চলাচল করতে হতো- যা ছিল সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। এখন এই সেতু চালু হওয়ায় তাদের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

আরও পড়ুন
Web-Image---Copy

ঝড়ের কবলে পড়ে ১৭ ঘণ্টা ধরে চরে আটকে আছে লঞ্চ

এছাড়া সেতুটি চালুর ফলে এ অঞ্চলে দীর্ঘদিনের খেয়া পারাপার ও ফেরি নির্ভরতা থেকে মুক্তি মিলেছে, যা স্থানীয়দের জন্য একপ্রকার দুর্ভোগে পরিণত হয়েছিল।

বিশ্লেষকদের মতে, গোমা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি পুরো অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমএইচজে