images

দেশজুড়ে

নিজ সন্তানকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অতঃপর...

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১২:৩৯ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সিয়াম নামে ছেলেশিশুকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে মো. আজিজুল (২৮) নামে এক বাবাকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আজিজুল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং তার সহযোগী মো. আক্তার (২৬) জীবননগর দক্ষিণপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, আজিজুল জীবননগরের আব্দুলবাড়ীয়া এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তার স্ত্রী ভারতে অবস্থান করে কাজ করেন। দেশে বেকার থাকা অবস্থায় বিভিন্ন সময় স্ত্রীর কাছে টাকা দাবি করতেন তিনি। সম্প্রতি টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজের ছেলেকে অপহরণের পরিকল্পনা করেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আজিজুল তার সহযোগী আক্তারকে নিয়ে নিজ সন্তানকে অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে যান। সেখানে শিশুটির হাত বেঁধে তার গলায় ধারালো হাসুয়া ধরে ছবি তোলা হয়। পরে সেই ছবি শিশুর মায়ের কাছে পাঠিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ অবস্থায় শিশুর মা আতঙ্কিত হয়ে বিকাশের মাধ্যমে প্রথমে ১০ হাজার ৩০০ টাকা পাঠান। পরে আরও টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি পুলিশের সহায়তা নেন।

আরও পড়ুন
Web-Image---Copy

নাটোরে ক্রেতাকে পিটিয়ে মারল দোকানদার

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, অভিযোগ পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) যৌথভাবে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের পাকা দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে অপহৃত শিশু সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া বিকাশে পাঠানো টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

আরটিভি/এমএইচজে