বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ১০:৪১ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা ক্রমেই বাড়ছে। ঈদের ছুটির তৃতীয় দিনে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ও স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি থাকলেও কোথাও তেমন ভোগান্তি বা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। টোল প্লাজাগুলোতে কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনার কারণে দ্রুত টোল আদায় সম্ভব হওয়ায় যাত্রীরা স্বল্প সময়েই সেতু পার হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
সড়কটিতে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও চোখে পড়ার মতো। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ঈদযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
দক্ষিণাঞ্চলের মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বক্ষণিক তদারকি করছে, যাতে যাত্রীদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।
আরটিভি/এমএইচজে