শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৩:২৬ পিএম
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। বিরল এই বড় মাছকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি হয়েছে, আর কেজি দরে বিক্রি শুরু হতেই মুহূর্তে শেষ হয়ে যায় পুরো মাছ।
শুক্রবার (২০ মার্চ) ভোরে সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন জেলে মোস্তাফা। কিছুক্ষণ পর জালে অস্বাভাবিক ভারী টান অনুভব করলে তিনি অন্য জেলেদের সহায়তায় মাছটি ডাঙায় তোলেন। পরে দেখা যায়, সেটি একটি বড় আকারের বাঘাইর মাছ। মাছটি নদীর পাড়ে তোলার সঙ্গে সঙ্গেই আশপাশের এলাকায় খবর ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষ ভিড় করে মাছটি একনজর দেখার জন্য। পরে মাছটি স্থানীয় বাজারে নেওয়া হলে সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।
মাছ ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে নিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি শুরু হলে অল্প সময়ের মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়।

ক্রেতাদের অনেকেই পুরো মাছ কেনার সামর্থ্য না থাকায় ভাগ করে কিনেছেন। মাছ কিনতে আসা একজন জানান, এত বড় মাছ একসঙ্গে কেনা সম্ভব নয়, তবে ব্রহ্মপুত্রের বড় ও টাটকা মাছের স্বাদ নিতে চেয়েছিলেন। তাই তিনি দুই কেজি মাছ কিনেছেন। তার মতো আরও অনেকেই কেজি দরে মাছ কিনে এ অভিজ্ঞতার অংশ হন।
স্থানীয় জেলেদের মতে, ব্রহ্মপুত্রে এত বড় বাঘাইর সচরাচর ধরা পড়ে না। তবে মাঝেমধ্যে এ ধরনের মাছ ধরা পড়লে তা মৎস্যজীবীদের জন্য আশার সঞ্চার করে।
আরটিভি/এমএইচজে