মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৭:২৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে মহানন্দা নদীতে ডুবে মাহিন (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মহানন্দা নদীর দ্বারিয়াপুর নতুনপাড়া এলাকায় একটি ঘাটে এই ঘটনা ঘটে।
নিহত মাহিন দ্বারিয়াপুর এলাকার কৃষিবিদ রোকনুজ্জামানের ছেলে। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের চেষ্টায় বিকেল সোয়া ৪টার সময় মাহিনের মরদেহ উদ্ধার করে।
মাহিনের স্বজন, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর প্রায় ১টার দিকে মাহিন ও তার বাবা এবং ছোট ভাই মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার ছোট ভাই ও বাবাকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মাহিন পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে মাহিনের মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকরে চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমআই