ময়মনসিংহের শিল্প-সমৃদ্ধ এলাকা ভালুকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেলের অভাবে উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। সরেজমিনে দেখা গেছে, গতকাল থেকে উপজেলার বিভিন্ন পাম্পের প্রবেশপথে রশি টাঙিয়ে এবং 'তেল নেই' লেখা বোর্ড ঝুলিয়ে কার্যক্রম বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ।
মূলত ঈদের ছুটির পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দেওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই এলাকায়। পাম্পগুলোতে তেল না পেয়ে অনেক চালক তাদের যানবাহন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগী চালকেরা বলেন, সকাল থেকে চার-পাঁচটা পাম্প ঘুরলাম, কোথাও এক ফোঁটা তেল নাই। সব জায়গায় 'তেল নেই' বোর্ড ঝোলানো। এখন গাড়ি বন্ধ করে রাস্তার পাশে বসে থাকতে হচ্ছে। আমাদের এই ভোগান্তির শেষ কোথায়? ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে তেলের সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় জোগান না থাকায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে আশঙ্কা করছেন তারা।
এই সংকটের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন জানান, আমি যতটুকু জানতে পেরেছি, ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকগণ সময়মতো 'এলসি' করতে পারেননি।
মূলত এই কারিগরি কারণেই তেলের সরবরাহে কিছুটা ঘাটতি ও সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে কেউ যদি কৃত্রিমভাবে সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমআই




