images

দেশজুড়ে

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন আ.লীগ নেতা

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০২:৩৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মিন্টু (৫৫)। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) জেলা কৃষক লীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে গোলাম কবির তার ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনের রেলগেট এলাকায় ডেকে নেন। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। একই সঙ্গে তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।

আরও পড়ুন
Web-Image16

জমির ভাগ কম পাওয়ায় বাবার কবরে ছেলের হামলা-ভাঙচুর 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন জানান, বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি বলেন, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান দিয়ে ছোট ভাইকে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসকে