রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৮:২৬ পিএম
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল নিয়ে নানা বির্তকের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজারে অবস্থিত মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে ওই ৩৭৬ লিটার পেট্রোল জব্দ করেন। পাশাপাশি দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করে তা আদায় করা হয়।
একই সঙ্গে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে জব্দকৃত জ্বালানি তেল উপজেলার খালকুলায় অবস্থিত নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে নেওয়া হয়। সেখানে তেলের পরিমাণ কম হওয়ায় তা যন্ত্র দিয়ে বিক্রি করা সম্ভব হয়নি। তখন জনসম্মুখে ১১৬ টাকা লিটার দরে ওই সবকুটু পেট্রোল ম্যানুয়েল পদ্ধতিতে মেপে ৪৩ হাজার ৬১৬ টাকায় বিক্রিও করা হয় এমন ভাষ্য, তাড়াশ ইউএনও’র।
এদিকে শুক্রবার ওই রাতে খালকুলায় অবস্থিত নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন থেকে একটি অটোভ্যানে দুটি ড্রাম পরিবহন করে অন্যত্র নেওয়ার একটি ৩২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে সেখানে অভিযোগ করা হয় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জব্দকৃত তেলের দুই ব্যারেলের মধ্যে একটি ব্যারেলের তেল গায়েব করে দিয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। নেটিজেনরা নানা মন্তব্যও করেন।
অবশ্য, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, জব্দকৃত তেলের দুই ব্যারেলের পুরোটাই নিয়ম মেনে বিক্রি করা হয়। সেইসঙ্গে নিয়ম মেনে ওই রাতেই খালি তেলের ব্যারেল দোকানিকে ফেরত পাঠানো হয়। মূলত, খালি ব্যারেল নিয়ে যাওয়ার সময় কে বা কারা ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং ভ্রাম্যমান আদালতে জব্দ করা ওই তেল গায়েবের প্রচারণা চালান। আসলে তেল গায়েবের প্রশ্নই ওঠে না।
এ কর্মকর্তা আরও দাবি করেন, বিধি মেনেই তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই আজ সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। নিয়মের কোন ব্যত্যয় হয়নি।
এ প্রসঙ্গে রোববার (২৯ মার্চ) নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় ইউএনও স্যার দুই ব্যারেল পেট্রোল এনেছিলেন, যা ম্যানুয়াল পদ্ধতিতে ফিলিং স্টেশনের সামনে থেকে বিক্রি করা হয়েছে।
আরটিভি/এমএ