সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৯:৩৪ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুদ করা প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ওই ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত এই ডিজেলের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযানে কয়েকটি তেলবাহী ট্রাকে ব্যবহৃত লোহার ড্রাম ও তেল সরবরাহের অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
জানা যায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ওই ডিপোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেলের সন্ধান পায়।
অভিযানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং যমুনা অয়েলের এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ। এ সময় র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অভিযান পরিচালনায় অংশ নেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ব্যবসার আড়ালে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী মামলা করা হবে।
আরটিভি/এমএ