মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০২:৫৮ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বখতিয়ার (৫৫)। তিনি উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা ও হাজী রফি উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আগের দিন থেকেই ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল। শেষ দিন হওয়ায় সকালে দ্রুত কার্ড সংগ্রহের জন্য উপজেলা মাঠে যান বখতিয়ার।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মৃত ব্যক্তি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, অতিরিক্ত গরম ও শারীরিক অসুস্থতার কারণে তিনি স্ট্রোক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসকে