বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১২:৫৬ পিএম
পটুয়াখালীর গলাচিপায় তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। কয়েকদিন ধরে তেল সংগ্রহ করতে না পেরে এক চালক ভিন্ন উপায়ে সমস্যার সমাধান খুঁজেছেন। মোটরসাইকেলের ট্যাংক খুলে তা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন তিনি।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় গলাচিপা পৌর এলাকার একটি তেলের দোকানে পেট্রোল নেওয়ার জন্য দুই শতাধিক মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়ায়। এ সময় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক মো. শাহিন নিজের মোটরসাইকেলের ট্যাংক খুলে লাইনে দাঁড়ালে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
শাহিন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামধ্বনি গ্রামের বাসিন্দা।
ট্যাংক নিয়ে তেল নিতে আসার কারণ জানতে চাইলে শাহিন গণমাধ্যমকে বলেন, আমি গত ৩–৪ দিন বাড়িতে বসে আছি। মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করি। তেল না থাকায় গত কয়েকদিন গলাচিপায় আসতেও পারিনি, তেলও নিতে পারিনি। এভাবে বসে থাকলে তো সংসার চলবে না। তাই আজ মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, চার দিন আগে গলাচিপা কলেজপাড়ায় তেলের জন্য লাইনে দাঁড়াই। কিন্তু আমার সিরিয়াল পড়ে ১৭৫ জনের পরে। রাত ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, পরে বাড়িতে ফিরে যাই।
তবে ট্যাংকে তেল সংগ্রহ করতে পেরে কিছুটা স্বস্তি প্রকাশ করেন তিনি।
আরটিভি/এমএইচজে