images

দেশজুড়ে

মোটরসাইকেলে তেল ভরে ফেরার পথে তরুণের মৃত্যু

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১০:১৪ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল নিতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো.অন্তর (২০) নামে এক তরুণের। দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।

আরও পড়ুন
Laxmi_002

লক্ষ্মীপুরে ক্লাস চলাকালীন ভেঙে পড়লো ছাদের ভিম, অতঃপর...

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জের তেল দোকানগুলোতে অকটেন-পেট্রোল সংকট চলছে। এ জন্য বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল নিতে বাড়ি থেকে ফেনীর পাম্পের উদ্দেশ্যে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।   

চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও  জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।  
 
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, খোঁজ নিয়ে দেখছি।  

আরটিভি/এমএম