শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৯:৩৪ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে মাদকের রমরমা কারবার চললেও পুলিশের দাবি—অভিযান চালাতে গেলেই তথাকথিত ‘গণমাধ্যমকর্মীদের’ বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। খোদ থানা পুলিশের পক্ষ থেকে এমন মৌখিক অভিযোগ তোলায় জনমনে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কালিয়াকৈর বাইপাস থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের অন্তত ১৫টি খাবার হোটেলে প্রকাশ্যে চলছে মাদকের ব্যবসা।
তরুণ, যুবক ও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ এসব হোটেল থেকে সহজেই মাদক সংগ্রহ করছে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ছাড়া উপজেলার মেদী আশুলাই চান্দেরচালা গ্রামের একটি নির্দিষ্ট বাড়িতে একই পরিবারের পাঁচ সদস্য মিলে মাদক ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় কালিয়াকৈর থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম থানার পাশে একটি চায়ের দোকানে সাধারণ আলোচনায় মাদক নির্মূলে পুলিশের নিষ্ক্রিয়তার কারণ হিসেবে সাংবাদিকদের ‘তদবির’কে দায়ী করেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি পুনরায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে এটা আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু অভিযান করতে গেলেই গণমাধ্যমকর্মীদের বাধা ও তদবির চলে আসে। এ কারণেই অভিযান বন্ধ রেখেছি। আপনারাও একটু তদন্ত করে দেখেন এসব গণমাধ্যমকর্মী কারা। এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।
আরটিভি/এমআই