রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ১০:০২ পিএম
সরকারি রেটে জিলাপি বিক্রির কন্টেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হওয়া কুড়িগ্রামের দ্বীপচর নারায়ণপুরের বাসিন্দা নির্মাণ শ্রমিক তাজুল ইসলামের ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে পেজটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে উধাও হয়ে গেছে।
তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগি শাহআলম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এটি মেটার (ফেসবুক) প্রযুক্তিগত সাময়িক সমস্যার কারণে ঘটেছে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবি করেছেন তিনি। সিস্টেম হালনাগাদের কারণে এমনটি হওয়া স্বাভাবিক। স্বল্প সময়ের মধ্যে পেজটি আবার পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন তারা।
মাত্র ১০ হাজারেরও কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ভাইরাল হয়ে যান তাজু ভাই। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চর নারায়ণপুরের স্থানীয় একটি বাজারে সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে ভিডিওটি ট্রলের উদ্দেশ্যে ব্যাপক শেয়ার হতে থাকে। তবে কিছু সময়ের ব্যাবধানে প্রশংসায় ভাসতে থাকে তার একাধিক ভিডিও। প্রত্যন্ত চরাঞ্চলের একজন সাধারণ ও স্বল্প শিক্ষিত দিনমজুর হয়েও এলাকার জনভোগান্তি নিয়ে তৈরি তার বিভিন্ন কন্টেন্ট ব্যাপক শেয়ার হতে থাকে।
মাত্র এক সপ্তাহের ব্যাবধানে তার পেজের ফলোয়ার বেড়ে এখন এক মিলিয়নের ওপর।
তবে আকস্মিক পেজটি উধাও হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এজন্য তাজুল ইসলামকে নিয়ে মেতে ওঠা অতি উৎসাহী কন্টেন্ট নির্মাতাদের দায়ী করেছেন।
এ বিষয়ে তাজুল ইসলামের মন্তব্য জানতে তার মোবাইল নাম্বারে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ও তাজুল ইসলামের মেন্টর কবিরুল ইসলাম বলেন, অতি অল্প সময়ে এক মিলিয়ন ফলোয়ার ও অধিক ভিউ শুরু হওয়ায় সম্ভবত মেটা থেকে পেজটি যাচাই করার উদ্দেশ্যে সাময়িক অদৃশ্য করেছে। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে পেজটি তার স্বাভাবিক অবস্থায় আসবে।
কন্টেন্ট ক্রিয়েটর থটস অব বিল্লাল পেজের ওনার বিল্লাল হোসেনসহ বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর গতকাল থেকে নারায়ণপুরে ভাইরাল তাজু ভাইয়ে সাথে আছেন। তারা তাজু ভাইকে একটি থাকার ঘর নির্মাণ করে দিতে ক্যাম্পেইন করছেন।
তাজুর পেজ ফেসবুকে অদৃশ্য হওয়ার বিষয়ে বিল্লাল হোসেন জানান, তাজুর পেজের নোটিফিকেশন যাচাই করে যেটি দেখা গেছে সেটি হলো মেটা তার (তাজুর) পেজটি সাসপেন্ড করে করেছে। কী কারণে করেছে সেটা বলা মুশকিল। ইতোমধ্যে পেজটির অনুরুপ শতশত পেজ তৈরি হয়েছে। কোনটা আসল আর কোনটা নকল সেটা হয়তো ফেসবুক বুঝতে পারছে না। অথবা গতকাল ফেসবুক আপডেট হয়েছে। সেই কারণেও অদৃশ্য হতে পারে। এখন অপেক্ষা ছাড়া করার কিছু নাই।
আরটিভি/এমএম