সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১১:১৫ এএম
পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন মো. শাহীন (৩৮) নামে এক লাইনম্যান সহকারী।
রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোলচত্তরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপরেই মৃত্যু হয় তার।
ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি হয়। পরে সেখানে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর লাইনম্যানসহ পাঁচজন লাইন মেরামতের জন্য গোলচত্তরে যান। লাইনম্যান সহকারী শাহীন মই দিয়ে খুঁটিতে উঠে মেরামতের কাজ শুরু করেন। কিন্তু, কাজ শেষ না হতেই বিদ্যুৎ চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটিতেই ঝুলে থাকেন তিনি।
এক পর্যায়ে তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে। প্রায় ১৫ মিনিট পর লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে শাহীনের নিথর দেহ নিচে নামায়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
এদিকে, তার মৃত্যুর জন্য নেসকোকে দায়ী করেছেন স্বজনরা। বিক্ষুব্ধ হয়ে তারা পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর অফিস ঘেরাও করেন। এক পর্যায়ে বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কও অবরোধ করেন তারা। পরে ঘটনাস্থলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একজন ব্যক্তি বিদ্যুতের খুঁটির ওপর ঝুলে আছেন। পরে ফায়ার ফাইটাররা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরটিভি/টিআর