সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১০:২৯ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূ (২৮)কে রাস্তা থেকে সুপারী বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আকরাম হোসেন একই উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
এর আগে গত বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা দুই সন্তানের জননী ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে সংঘবদ্ধ বখাটেদের হাতে ধর্ষণের শিকার হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে মো. আকরাম হোসেনসহ একটি দল গৃহবধূর মুখ চেপে ধরে সড়কের পাশে একটি সুপারী বাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এতে গৃহবধূ প্রথমে চিৎকার দিলেও পরবর্তিতে অচেতন হয়ে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তারা।
এ বিষয়ে গৃহবধূ নিজেই থানায় এসে অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি জানান, ভুক্তভোগী গৃহবধূ ও অভিযুক্তরা চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটির অভিযোগ পেয়ে প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলা হিসেবে রুজু করে প্রধান অভিযুক্ত মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএম