বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৪:৫৯ পিএম
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্য নিহত হয়েছেন। তিনি সংগঠনটির প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নিউটন চাকমা অপর এক সহযোগীকে নিয়ে আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলেই নিউটন চাকমার মৃত্যু হয়।
নিহত নিউটন চাকমা রাঙ্গামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, নিহত নিউটন চাকমা রাঙামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় বসবাস করতেন এবং আকবাড়ি এলাকার দায়িত্বে ছিলেন।
ইউপিডিএফ (প্রসীত) কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। দলটির কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই; এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হতে পারে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ধারণা, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও প্রভাব নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
আরটিভি/এমএম