বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৫:০০ পিএম
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের তিন টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে একটি সন্দেহভাজন বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে এক যুবকের দেহের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে বিকেল সোয়া ৪টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন টুকরো করা ওই মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যুবকের পরিচয় কী—তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরটিভি/এমআই