বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৫:৪৩ পিএম
এক যুগ আগে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূঁইয়া। পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘ প্রবাসজীবনে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারলেও শেষ পর্যন্ত আর জীবিত ফেরা হলো না তার। ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ হারিয়ে চিরবিদায় নিলেন এই প্রবাসী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় তার মরদেহ নিজ গ্রাম জিরুইনে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহত শাহ আলম ভূঁইয়া (৫০) ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের (ভূঁইয়া বাড়ি) মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে জীবিকার সন্ধানে প্রথম দুবাই যান শাহ আলম। এরপর কয়েক দফায় দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যেতেন। সর্বশেষ ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে পুনরায় আমিরাতে যান তিনি।
বুধবার (১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তার কর্মস্থলে এসে পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চার সন্তানের জনক শাহ আলমের মৃত্যুর খবরে দেশে নেমে আসে শোকের ছায়া। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শুধু পরিবারই নয়, পুরো এলাকাজুড়েই চলছে শোকের মাতম।
আরটিভি/এমআই