images

দেশজুড়ে

মুরগির খামারে মিলল খামারির রক্তাক্ত মরদেহ, অতঃপর...

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১১:১১ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ফিডমিলপাড়া এলাকায় একটি মুরগির খামার থেকে আমজাদ হোসেন আদু (৪৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে খামারের ভেতর খাটের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমজাদ হোসেন আদু পৌর শহরের মুসলিম নগর এলাকার আকবর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিজস্ব একটি মুরগির খামার পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন
fisherman

জীবিকার সন্ধানে নদীতে, ফিরলেন লাশ হয়ে

স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবারও খামারে গিয়েছিলেন আমজাদ হোসেন। তবে রাত থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। শনিবার সকালে পরিবারের লোকজন খামারে গিয়ে সামনের প্রধান ফটক বন্ধ দেখতে পান। পরে পেছনের একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে ঘরের মেঝেতে খাটের নিচে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যাকাণ্ড কি না, তা সঠিকভাবে তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমআই