রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৫:৫৬ পিএম
বরিশাল-খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালক সোহেল (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) উপজেলার রায়াপুরে দুপুর ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সোহেল হোসেন ঝালকাঠি স্টেশন রোডের থাইগ্লাস ব্যবসায়ী।
স্থানীয়রা জানিয়েছেন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। এ সময় তাদের মোটোসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেল আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে সাগর ও ব্যবসায়ী সোহেলকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে চিকিৎক সাগরকে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরটিভি/এমএম