রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:১৬ পিএম
ফেনীতে ৭ বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতালকে’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
রোববার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান চালায়। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরা সেবা না নিয়ে বাড়ি ফিরে যান।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ।
ভ্রাম্যমাণ আদালাত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নিয়মিত মনিটরিং ও সুপারভিশনের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের একটি পরিদর্শক দল শহরের দুইটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে। পরিদর্শন শেষে সরকার নির্ধারিত সেবার মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ‘ফেনী প্রাইভেট হাসপাতালে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
একই সময় শহরের মুক্তবাজারস্থ ‘বায়েজিদ হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে অব্যবস্থাপনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান বলেন, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ফেনী প্রাইভেট হাসপাতাল কার্যক্রম চালিয়ে আসছিল। লাইসেন্স না থাকায় ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, সিলগালা করা হাসপাতালটির ২০১৯ সাল থেকে লাইসেন্স নবায়ন করা হয়নি। এ নিয়ে আমরা একাধিকবার সতর্ক করে নোটিশ দিয়েছিলাম। অভিযানের সময় সেখানে ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার সরকার নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শনিবার (১২ এপ্রিল) রাতে ফেনী শহরের ‘ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে’ চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকটি সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জুন ফেনী প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় আকিফা সুলতানা (৩৯) নামে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যুর অভিযোগ উঠেছিল।
আরটিভি/এমএম